দেবাংশু ভট্টাচার্যের নামে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে রবিবার আচমকাই সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। ওই পোস্টে দাবি করা হয়েছিল, তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন দেবাংশু এবং আগামী দিনে কোনও ‘রাষ্ট্রবাদী দল’ থেকে ডাক পেলে সেখানে যোগ দেওয়ার কথাও ভাববেন তিনি। যদিও কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নিয়ে নিজেই মুখ খোলেন তৃণমূল নেতা। তাঁর দাবি, ওই পোস্ট সম্পূর্ণ ভুয়ো এবং তাঁর নাম ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সেটি করা হয়েছে।
রবিবার দেবাংশুর নামের একটি সোশ্যাল মিডিয়া আইডি থেকে ওই পোস্টটি প্রকাশ্যে আসে। সেখানে লেখা ছিল, ‘আমি অনেকদিন আগেই টের পেয়েছিলাম দলটার এই অবস্থা হবে, তাই সরে এসেছি। আগামীতে যদি কখনো কোনও রাষ্ট্রবাদী দল থেকে ডাক পাই, তবে আবারও শুধুমাত্র মানুষের কথা ভেবে সাড়া দেব।’
পোস্টটি ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি তৃণমূল ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিতে চলেছেন দেবাংশু? শুরু হয় জল্পনা। তবে সেই জল্পনায় দ্রুত জল ঢালেন খোদ দেবাংশু।
তৃণমূল নেতার দাবি, তাঁর নামে যে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়ো। নিজের আসল ফেসবুক হ্যান্ডেল থেকে কোনও বক্তব্য প্রকাশ করা হয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্যও সকলকে সতর্ক করেছেন তিনি।
দেবাংশু বলেন, ‘‘আমার নাম করে কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে এসব পোস্ট করছে। আমি এই মুহূর্তে রাজনীতি থেকে দূরে অবস্থান করছি। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। বাড়ির সদস্যদের বিভিন্ন রকম মেডিক্যাল ইস্যু নিয়ে ভীষণ ব্যস্ত। যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’’
এর মধ্যেই ওই পোস্টের নেপথ্যে থাকা ব্যক্তির পরিচয়ও সামনে এসেছে বলে জানা গিয়েছে। শ্রীরত্ন সরকার নামে এক ব্যক্তি দেবাংশুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা একটি কমেন্টে ওই পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন।
সেখানে তিনি লেখেন, ‘দাদা ফেক পোস্টটা ডিলিট করে দিয়েছি, আমি ভেবেছিলাম আপনি মজাকে মজার মতো নেবেন। যাই হোক, ভাল থাকুন। আমরা সবাই আপনাকে মিস করি।’
ফলে দেবাংশুর তৃণমূল ছাড়ার জল্পনা আপাতত তাঁর নিজের বক্তব্যেই খারিজ হয়েছে। একই সঙ্গে ভুয়ো পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

