ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই নিয়ে নতুন সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন দেশের ব্যবসায়ীরা। জানা গিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই অতিরিক্ত খরচ নিয়ে আপত্তি জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।তাঁদের বক্তব্য, বর্তমানে ছোট-বড় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে নগদের পাশাপাশি ইউপিআইয়ের মাধ্যমে টাকা নেওয়া হয়। বিশেষ করে খুচরো দোকান, মোবাইলের ব্যবসা, গয়নার দোকান এবং অন্যান্য পণ্য বিক্রির ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে সহজেই টাকা নেওয়া হয়। এই ব্যবস্থায় নতুন করে চার্জ চালু হলে ব্যবসায়ীদের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা তাঁদের।এই সিদ্ধান্তের বিরোধিতা জানাতে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন দেশজুড়ে ‘নো ইউপিআই ডে’ পালনের আহ্বান জানানো হয়েছে। ওইদিন বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইউপিআই পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ দেখানোর পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানে থাকা ইউপিআই স্ক্যানার, কিউআর কোড এবং টাকা পাওয়ার সংকেত দেওয়া সাউন্ড বক্স কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হবে।মহারাষ্ট্র চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারের সভাপতি রবীন্দ্র মানগাভে জানিয়েছেন, এই কর্মসূচি শুধু মহারাষ্ট্রের ব্যবসায়ীদের সিদ্ধান্ত নয়। দেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করেই এই প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।এই কর্মসূচিতে ফেডারেশন অব রিটেল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া মোবাইল রিটেইলার্স অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশন এবং অল ইন্ডিয়া এডিবল অয়েল ট্রেডার্স ফেডারেশনের মতো সংগঠনগুলি সমর্থন জানিয়েছে বলে দাবি করা হয়েছে।মানগাভে আরও জানান, ২ অক্টোবর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হবে। সেখানে ইউপিআই লেনদেনের উপর প্রস্তাবিত চার্জ নিয়ে ব্যবসায়ীদের আপত্তি ও উদ্বেগের কথা জানানো হবে।ব্যবসায়ী সংগঠনগুলির এই কর্মসূচির ফলে ২ অক্টোবর একদিনের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় প্রভাব পড়তে পারে। তবে সাধারণ গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে এর কী ধরনের প্রভাব হবে, তা নির্ভর করবে কত সংখ্যক ব্যবসায়ী ওই প্রতিবাদে অংশ নেন তার উপর।
Popular Categories


