Sunday, September 13, 2026
27 C
Kolkata

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে জ্বালাতে হবে প্রদীপ! অংশ নিতে হবে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদেরও

করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে থালা-বাসন বাজানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর জন্মদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর, ঘিরে আরও একটি অভিনব কর্মসূচির নির্দেশ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপকদের বাড়িতে ওই দিন সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানোর কর্মসূচি নেওয়া হয়েছে। ‘আশীর্বাদের প্রদীপ’ বা ‘আশীর্বাদ কি দিয়া’ নামে এই কর্মসূচিতে সরকারি ভাতাপ্রাপকদের পাশাপাশি কোভিড টিকা নেওয়া নাগরিকদেরও যুক্ত করার কথা বলা হয়েছে।

প্রশাসনের বিভিন্ন স্তরে বুথভিত্তিকভাবে এমন সুবিধাপ্রাপকদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবায় ২৫ বছর পূর্তি এবং জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু হবে। সেই কর্মসূচির সূচনা হিসেবেই এই প্রদীপ প্রজ্জ্বলন।

পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এ নিয়ে প্রস্তুতি বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১৭ সেপ্টেম্বর পূর্বঘোষিত ‘অন্নপূর্ণা দিবস’-এর অনুষ্ঠানের পাশাপাশি সূর্যাস্তের পর ‘আশীর্বাদ কি দিয়া’ কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের এক কোটিরও বেশি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু সুবিধাপ্রাপক পরিবার নয়, প্রায় ৮০ হাজার স্কুলের পড়ুয়া ও অভিভাবকদেরও কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বিধায়কদের এই কাজে সহযোগিতা করতে বলা হয়েছে বলে খবর।

আর এই সিদ্ধান্ত ঘিরেই উঠেছে প্রশ্ন। বিরোধীদের বক্তব্য, জনগণের করের টাকাতেই সরকারের উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণমূলক পরিষেবা পরিচালিত হয়। সেই পরিষেবার সুবিধাপ্রাপকদের দিয়েই আবার ‘কৃতজ্ঞতা’ জানাতে প্রদীপ জ্বালানোর নির্দেশ কেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্কুল পড়ুয়াদের সন্ধ্যার পর এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, শিক্ষাঙ্গনে এ ধরনের কর্মসূচি কাম্য নয়। বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তাঁর কটাক্ষ, করোনাকালে থালা বাজানোর কথা মনে পড়ে যাচ্ছে। তাঁর বক্তব্য, ‘‘রাজ্যের উপভোক্তাদের অন্ধকারে রেখে একদিন প্রদীপ জ্বালিয়ে কারও পেট ভরবে না। মূল্যবৃদ্ধি ঠেকাতে কী করছেন প্রধানমন্ত্রী, জবাব দিন।’’

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই কর্মসূচি বাংলার মানুষ এবং সুবিধাপ্রাপকরা গ্রহণ করবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁদের উপরেই ছেড়ে দেওয়া উচিত।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কর্মসূচির জন্য জেলা প্রশাসন প্রতি প্রদীপ প্রায় ২ টাকা দরে কিনবে। এক কোটি পরিবারকে প্রদীপ দেওয়ার ক্ষেত্রে শুধু প্রদীপ কেনার খরচই প্রায় ২ কোটি টাকা হতে পারে।

এছাড়াও কলকাতার গঙ্গার তীরবর্তী এলাকাগুলিতে প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি ভিক্টোরিয়া, কালীঘাট মন্দির, নবান্ন, রাইটার্স বিল্ডিং-সহ সরকারি ও ঐতিহ্যবাহী ভবনগুলি সাজানোর পরিকল্পনা রয়েছে।

‘বাচ্চো কে স্বপ্নো কা ভারত’ কর্মসূচিতেও স্কুল পড়ুয়াদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর ভাবনাকে সামনে রেখে ড্রয়িং, কুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক এবং রাইট-আপের মতো বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি ‘নব নমো সেবা গাথা’, ‘রঙ্গোলি রাষ্ট্র’, ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’, ‘অঙ্গন কা উৎসব’ এবং ‘কাহানি বদলাও কি’-র মতো কর্মসূচিও রয়েছে।

আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ববর্তী রাজ্যগুলিকে নিয়ে ‘রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ’-এর আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।

ফলে মোদির জন্মদিনকে কেন্দ্র করে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর পাশাপাশি ১৭ সেপ্টেম্বরের ‘আশীর্বাদের প্রদীপ’ কর্মসূচি ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।

Hot this week

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

দিল্লীতে BRICS বৈঠকে মোদী-পেজেশকিয়ান-পুতিন পাশাপাশি। নয়া ইরান-ভারত-রাশিয়া সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লিতে আয়োজিত BRICS Business Summit-এর একটি ছবি যেন বর্তমান...

Topics

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

Related Articles

Popular Categories