গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি রেস্তরাঁর সামনে পার্কিং নিয়ে বিবাদের জেরে ভারতীয় বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই প্রাক্তন আধিকারিক অমিতকুমার গুপ্ত ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধের সময় বায়ুসেনার গুরুত্বপূর্ণ অভিযান ‘অপারেশন সফেদ সাগর’-এর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে সেক্টর ৫৮-এর এম৩এম ম্যাগনাম বিজ়নেস পার্কের একটি রেস্তরাঁয় গিয়েছিলেন অমিত। রাত প্রায় ৮টা নাগাদ সেখানে পৌঁছনোর পর পরিবারের লোকজনকে নামিয়ে গাড়ি রাখার জায়গা খুঁজছিলেন তিনি। অভিযোগ, পার্কিংয়ের জন্য কয়েকটি জায়গায় চেষ্টা করেও তাঁকে সেখানে গাড়ি রাখতে দেওয়া হয়নি।এই ঘটনাকে কেন্দ্র করে পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। অমিতের অভিযোগ, আচমকাই এক কর্মী তাঁর গাড়ির কাছে এসে কাচে ঘুষি মারতে থাকেন। পরিস্থিতি সামলাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়।অভিযোগ, লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। মারধরের ফলে তাঁর বাঁ হাত ভেঙে যায় বলেও জানা গিয়েছে। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। গুরুতর আহত অবস্থায় অমিত পরে পুলিশের দ্বারস্থ হন।রবিবার সেক্টর ৬৫ থানায় লিখিত অভিযোগ জমা দেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার কাজও হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁকে আটক করা সম্ভব হয়নি।সেক্টর ৬৫ থানার আধিকারিক রামবীর সিংহ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মারধরের ঘটনা সত্যি বলে মনে হয়েছে। পার্কিং সংক্রান্ত বিষয় থেকেই সমস্যার সূত্রপাত হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিক সন্দীপ কুমার জানিয়েছেন, অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।এর মধ্যেই একই শহরে আরও একটি ঘটনায় উদ্বেগ বেড়েছে। রবিবার এক তরুণীর বাইকে একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরেছে বলে অভিযোগ। তরুণী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। তাঁর দাবি, গাড়িটি বেশ কিছুক্ষণ ধরে তাঁকে অনুসরণ করছিল এবং বারবার বাইক থামানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরে গাড়িটি তাঁর বাইকে ধাক্কা দেয় বলে অভিযোগ।ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। তরুণীর আরও দাবি, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পর পর এমন ঘটনায় গুরুগ্রামের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Popular Categories


