Saturday, September 26, 2026
28 C
Kolkata

জ্ঞানেশ-কন্যা বলেই কি বিশেষ সুবিধা? মেধার মামলা নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবী সংগঠনের

নয়ডার জেলাশাসক মেধা রূপমের মামলা সুপ্রিম কোর্টের নিয়মিত মামলা বণ্টনের তালিকা বা রস্টার মেনে নির্দিষ্ট বেঞ্চে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিয়েছে ‘লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর কনস্টিটিউশন’ নামে আইনজীবীদের একটি সংগঠন। সংগঠনটির বক্তব্য, মেধা রূপম দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়ে হওয়ার কারণেই কি তাঁর মামলা অন্যভাবে তালিকাভুক্ত হয়েছে, তা পরিষ্কার হওয়া প্রয়োজন।বুধবার মেধার মামলার শুনানির সময় ভিডিয়ো কনফারেন্সে অডিয়ো বন্ধ থাকার বিষয়টিও সংগঠনটি চিঠিতে উল্লেখ করেছে। তাদের দাবি, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, সে বিষয়ে সুপ্রিম কোর্টের নজর দেওয়া দরকার।প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই থেকে কার্যকর সুপ্রিম কোর্টের রস্টারে হেবিয়াস কর্পাস এবং প্রতিরোধমূলক আটক সংক্রান্ত মামলা প্রথম চারটি বেঞ্চে যাওয়ার কথা। এই বেঞ্চগুলির নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এমএম সুন্দরেশ। অথচ মেধা রূপম এবং উত্তরপ্রদেশ সরকারের করা পৃথক আবেদন বিচারপতি সতীশচন্দ্র শর্মা ও বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে উঠেছে। এ নিয়েই মূল প্রশ্ন তুলেছে আইনজীবীদের সংগঠনটি।ঘটনার সূত্রপাত নয়ডায় শ্রমিক বিক্ষোভের সময়। সেই সময়ে আকৃতি নামে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক তরুণীকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করার নির্দেশ দিয়েছিলেন মেধা রূপম। প্রায় পাঁচ মাস তিনি বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন। পরে এলাহাবাদ হাই কোর্ট তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগ বাতিল করে। আদালত মেধার সিদ্ধান্ত ও প্রশাসনের ভূমিকা নিয়েও কঠোর মন্তব্য করেছিল।হাই কোর্টের নির্দেশে আকৃতিকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই অর্থ মেধা-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের বেতন থেকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রশাসন ও পুলিশের দায়িত্ব নিয়েও আদালত মন্তব্য করে যে, সরকারি আধিকারিকদের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন মেধা রূপম। একই সঙ্গে উত্তরপ্রদেশ সরকারও পৃথক আবেদন করে। বুধবার শুনানিতে শীর্ষ আদালত আটক করার সিদ্ধান্তে একাধিক আধিকারিক যুক্ত থাকলে শুধু জেলাশাসককে দায়ী করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তোলে।এর পর সুপ্রিম কোর্ট মেধার বেতন থেকে পাঁচ লক্ষ টাকা কেটে নেওয়া এবং তাঁকে তিরস্কারের নির্দেশের উপর সাময়িক স্থগিতাদেশ দেয়। তবে আকৃতিকে জাতীয় নিরাপত্তা আইনে আটক রাখার সিদ্ধান্ত বাতিলের হাই কোর্টের নির্দেশ বহাল থাকে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আগের দিনের নির্দেশটি আরও স্পষ্ট করে জানায়, পুরো হাই কোর্টের রায়ের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি।

Hot this week

মুম্বইয়ে সিনেমার টিকিটে বড় ধাক্কা! এসি হল-মাল্টিপ্লেক্সে বিনোদন কর বাড়ানোর প্রস্তাব ৫৭০%

মুম্বইয়ে সিনেমা দেখা, নাটক বা লাইভ অনুষ্ঠান উপভোগ করা...

ইউপিআই চার্জের প্রতিবাদে ২রা অক্টোবর ‘নো ইউপিআই ডে’ পালনের ডাক ব্যবসায়ীদের

ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই নিয়ে নতুন সিদ্ধান্তের প্রতিবাদে...

Topics

ইউপিআই চার্জের প্রতিবাদে ২রা অক্টোবর ‘নো ইউপিআই ডে’ পালনের ডাক ব্যবসায়ীদের

ডিজিটাল লেনদেনের জনপ্রিয় মাধ্যম ইউপিআই নিয়ে নতুন সিদ্ধান্তের প্রতিবাদে...

রাজ্যের ‘গুন্ডা দমন’ বিলে রাষ্ট্রপতির ‘না’, এনডিপিএস সংঘাতের আশঙ্কায় পুনর্বিবেচনায় ফেরত

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত ‘গুন্ডা দমন’ বা ‘অ্যান্টি-গুন্ডা’ বিল নিয়ে...

উত্তরপ্রদেশে খামারবাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ পুলিশকর্মী ও ২ সিআরপিএফ জওয়ান

উত্তরপ্রদেশের আমরোহা জেলায় একটি খামারবাড়িতে ২৪ বছর বয়সি এক...

Related Articles

Popular Categories