বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার ঘোষণা করেছিল বিজেপি। এই প্রকল্পের আওতায় মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এলেও প্রকল্পের টাকা এখনও অনেক মহিলার কাছে পৌঁছয়নি বলে অভিযোগ। এই দাবিকে সামনে রেখে হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে।
সোমবার হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়ণপুরের শ্যাওড়াবেড়িয়ায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাস্তা আটকে বিক্ষোভ করেন বেশ কিছু মহিলা। সকাল থেকে প্রায় চার ঘণ্টা ধরে হাওড়া-ডিহিভূরসুট রাজ্য সড়কের উপর অবস্থান চলে। বিক্ষোভকারীরা রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীদের দাবি, তাঁরা প্রকল্পের জন্য অনলাইন এবং অফলাইনে প্রয়োজনীয় আবেদন করেছেন। কিন্তু আবেদন করার পর কয়েক মাস কেটে গেলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও দফতরে একাধিকবার যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।
অবরোধের জেরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ সমস্যায় পড়েন। পাশাপাশি, বর্তমানে উচ্চ মাধ্যমিক স্তরের সেমেস্টার পরীক্ষা চলায় বেশ কিছু পরীক্ষার্থীও যানজটে আটকে যায়। খবর পেয়ে উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পরে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকও সেখানে আসেন। প্রশাসনের সঙ্গে আলোচনার পর প্রায় চার ঘণ্টা পরে অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারীদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও টাকা না মেলায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা এখনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর পর উদয়নারায়ণপুরের বিধায়কের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান কয়েকজন মহিলা। উলুবেড়িয়া মহকুমা ও ব্লক প্রশাসনের দফতরেও একই অভিযোগে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।
শুধু হাওড়া নয়, হুগলিতেও একই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পোলবার সুগন্ধা পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। তাঁদের দাবি, কয়েক মাস ধরে তাঁরা প্রকল্পের অর্থ পাচ্ছেন না। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা স্থানীয় বিধায়কের কাছেও বিষয়টি জানিয়েছেন। এরপরও সমস্যার সমাধান হয়নি। যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাঁরা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই প্রশ্নই তুলেছেন তাঁরা।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষ হলে যোগ্যদের প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলেও দলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। তবে দ্রুত টাকা পাওয়ার দাবিতে ক্ষোভ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।


