পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার গান্ধী স্মৃতির সামনে অনশনে বসার কথা ছিল সমাজকর্মী হেতসিন পুনাওয়ালার। কিন্তু তাঁর দাবি, কর্মসূচি শুরু হওয়ার আগেই দিল্লি পুলিশ তাঁর বাড়িতে পৌঁছে তাঁকে বাইরে যেতে বাধা দেয়। তিনি অভিযোগ করেছেন, কার্যত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে হেতসিন পুনাওয়ালা বলেন, কোনও লিখিত নির্দেশ বা নথি না দেখিয়েই পুলিশ তাঁর বাড়ির বাইরে মোতায়েন হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আইনগত কাগজপত্র ছাড়া কীভাবে তাঁকে আটকে রাখা হচ্ছে?
ই-২০ জ্বালানি নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সরব। তাঁর অভিযোগ, পেট্রলে বেশি ইথানল মেশানোর ফলে অনেক গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা ও মাইলেজে প্রভাব পড়তে পারে। এই ইস্যুতেই তিনি কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে আন্দোলনের ডাক দিয়েছিলেন।
পুলিশি পদক্ষেপের জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করিকেও নিশানা করেছেন পুনাওয়ালা। এক পোস্টে তিনি দাবি করেন, তাঁর বাড়ির বাইরে বিপুল সংখ্যক পুলিশকর্মী, এমনকি মহিলা পুলিশও মোতায়েন রয়েছেন। ব্যঙ্গ করে তিনি লেখেন, “নীতিন গড়করি ইথানলকে ভয় পাচ্ছেন।”
আরও একটি ভিডিওতে তিনি বলেন, স্বাধীনতা দিবসের মাত্র কয়েক দিন আগে কোনও লিখিত নির্দেশ ছাড়াই তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।


