বিহারের জামুইয়ে টিউশন থেকে বাড়ি ফেরার সময় এক কিশোরী ও তার এক বন্ধুকে ঘিরে মারধর এবং হেনস্তার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রী এবং তার পরিচিত কিশোর টিউশন শেষে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় কয়েকজন যুবক তাদের পথ আটকায়। অভিযোগ, প্রথমে তাদের পরিচয় ও ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর দু’জনের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয়। কিশোরীকে শারীরিকভাবে হেনস্তা করা এবং তার বন্ধুকে মারধরের অভিযোগও উঠেছে।
ভিডিওতে কয়েকজন যুবককে কিশোর-কিশোরীর সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায় বলে অভিযোগ। এমনকি তাদের ভয় দেখানো হয় এবং একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল বলে জানা গিয়েছে। কিশোরী বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও অভিযুক্তরা তা শোনেনি বলে অভিযোগ।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী দলগুলি বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যমে ঘটনাটির নিন্দা করে অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস, আরজেডি এবং আম আদমি পার্টির পক্ষ থেকেও ঘটনার সমালোচনা করা হয়েছে।
বিহার সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। রাজ্যের মন্ত্রী সুনীল কুমার বলেন, স্থানীয় প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাঁর বক্তব্য, একটি ঘটনার ভিত্তিতে গোটা রাজ্যের পরিস্থিতি বিচার করা উচিত নয়।
জামুইয়ের পুলিশ সুপার বিশ্বজিৎ দয়াল জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট তৈরি করা হয়েছে। কিশোরীর উপর যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। পাশাপাশি, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায়ও নজরদারি শুরু করেছে প্রশাসন।
পুলিশ জানিয়েছে, ভিডিও আপলোড করা ৩২টি সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য মহিলা কমিশনও বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছে।


