Wednesday, November 11, 2026
28 C
Kolkata

বাংলাদেশে শেখ হাসিনার সমর্থকদের বিক্ষোভ ঘিরে তীব্র অশান্তি, পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত একাধিক এলাকা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তাঁর সমর্থকদের বিক্ষোভ সামাল দিতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। দেশের একাধিক জায়গায় বিক্ষোভ, রাস্তা অবরোধ এবং যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে গোপালগঞ্জ জেলায়। সেখানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। এই ছাত্র সংগঠনটি শেখ হাসিনার দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় জ্বলন্ত টায়ার ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন বিক্ষোভকারীরা।মঙ্গলবার ভোরে ফরিদপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সি এক বাসচালকের। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম পদ্মা সেতুতেও বিক্ষোভ দেখান প্রায় ২০০ জন। কিছুক্ষণের জন্য সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক দিনে ঢাকা-সহ বিভিন্ন এলাকায় একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পরেই এই বিক্ষোভ শুরু হয়েছে। বর্তমানে ভারতে আশ্রয়ে থাকা হাসিনা সম্প্রতি বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন। এরপরই তাঁর সমর্থকেরা রাস্তায় নামেন। ২০২৪ সালের অগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এর পর এই প্রথম তাঁর সমর্থকদের এত বড় সংগঠিত প্রতিবাদ দেখা গেল।প্রায় ১৫ বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন হাসিনা। তাঁর সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, রাজনৈতিক প্রতিপক্ষকে বন্দি করা, বিরোধী মতের কণ্ঠরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। যদিও হাসিনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তাঁদের অধিকাংশেরই মৃত্যু হয় নিরাপত্তারক্ষীদের গুলিতে।দেশ ছাড়ার পর আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনেও দলটিকে অংশ নিতে দেওয়া হয়নি। পাশাপাশি, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের একটি বিশেষ আদালত গত বছর হাসিনাকে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। এই বিচারকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।হাসিনার দেশে ফেরা নিয়েও আপত্তি জানিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার। ঢাকার দাবি, হাসিনা একজন পলাতক অপরাধী। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে সরকার। বাংলাদেশের এক সরকারি আইনজীবী জানিয়েছেন, হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে।অন্যদিকে, আওয়ামী লীগের এক প্রবাসী নেতা দাবি করেছেন, তাঁদের সমর্থকেরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। হিংসার ঘটনায় দলের কর্মীরা জড়িত নন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে তাঁর অভিযোগ। তবে আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা ও হেফাজতে মৃত্যুর অভিযোগও উঠেছে। বাংলাদেশের প্রশাসন অবশ্য পরিকল্পিতভাবে দলীয় সমর্থকদের নিশানা করার অভিযোগ অস্বীকার করেছে।

Hot this week

ওড়ার আগেই হাইজ্যাকের সতর্কবার্তা! কলকাতা-মুম্বই এয়ার ইন্ডিয়ার বিমানে আতঙ্ক, যাত্রী নামিয়ে শুরু তল্লাশি

কলকাতা বিমানবন্দরে বুধবার সকালে হঠাৎই ছড়াল বিমান ছিনতাইয়ের আতঙ্ক।...

অসমে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ কামরা, আহত বহু যাত্রী

অসমে বড়সড় রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার...

Topics

অসমে বড়সড় রেল দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ৭ কামরা, আহত বহু যাত্রী

অসমে বড়সড় রেল দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার...

Related Articles

Popular Categories